আগামী বছর থেকে হবে প্রতিবন্ধী উদ্যোক্তা সম্মেলন

৭ জানুয়ারি, ২০২৩ ২২:০৪  
স্মার্ট বাংলাদেশে থাকবে না শারীরিক ভাবে সক্ষম ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তির সুযোগের বৈষম্য। প্রযুক্তির শক্তিতে স্মার্ট নাগরিকের স্মার্ট সমাজ প্রতিষ্ঠায় প্রতিবছরের মতো এবারো অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলা। শনিবার আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরো মিলনায়তনে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্বোধনী বক্তব্যে প্রযুক্তি, প্রশিক্ষণ ও উদ্ভাবনের পাশাপাশি প্রতিবন্ধীদেরও উদ্যোক্তা হওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানান তিনি। এসময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএসআইডি নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, এনজিও ব্যুরোর মহাপরিচালক শেখ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব নাজিব শফিউল্লাহ ও ‘ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড’ জয়ী ইউআইইউ অধ্যাপক আল মামুনসহ বেসরাকরী উদ্যোক্তারা।